প্রথম ‘ভার্চুয়াল’ এনইসিতে ৫ম সর্বোচ্চ বরাদ্দ বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) বৈঠক হলো ‘ভার্চুয়ালি’। করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সভার সভাপত্তিত্ব করেন।
এনইসি সম্মেলন কেন্দ্র থেকে এই বৈঠকে সংযুক্ত হন অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সচিবরা ।
মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে আগামী ২০২০-২০২১ অর্থবছরের জন্যে ১ হাজার ৫৮৪টি প্রকল্পে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, উন্নয়ন প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে পরিবহন খাত। এই খাতে ৫২ হাজার ১৮৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সূত্রমতে, সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০টি খাতের মধ্যে পঞ্চম সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত। এই খাতে বরাদ্দ দেয়া হয়েছে ১৭ হাজার ৩৮৯ কোটি টাকা। তবে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে মোট বরাদ্দ ১৮ হাজার ৪৪৮ কোটি টাকা, যা মোট বাজেটের ৮ দশমিক ৯৯ শতাংশ।
সূত্র আরও জানায়, ২০২০-২০২১ অর্থবছরের ১ হাজার ৫৮৪টি প্রকল্পের মধ্যে বিনিয়োগ প্রকল্প রয়েছে ১ হাজার ৪৫৬টি, কারিগরি সহায়তা প্রকল্প ১২৭টি, এবং জেডিসিএফ অর্থায়িত প্রকল্প একটি। এছাড়াও, স্বায়ত্বশাসিত সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে ৮৯টি প্রকল্প রয়েছে।